বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে স্থানীয় নেতাকর্মীদের সমর্থন ও মতামতকেই গুরুত্ব দেওয়া হবে। জনগণের সঙ্গে প্রার্থীর সম্পৃক্ততা এবং এলাকায় তার গ্রহণযোগ্যতাও বিবেচনায় থাকবে বলে জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে যান রিজভী। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, এবারের স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। সে কারণে ইউনিয়ন, উপজেলা ও জেলার নেতাদের সব দিক যাচাই করে যোগ্য প্রার্থীর পক্ষে দাঁড়াতে বলেন তিনি।
রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন; তার নির্দেশনা মেনে দলকে সুশৃঙ্খলভাবে চালানো ও সাংগঠনিক কাজ গুছিয়ে শেষ করাই এখন তার কাজ। তিনি দাবি করেন, বিএনপি জনস্বার্থের বাইরে কিছু করবে না।
তার ভাষ্য, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জনকল্যাণ, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের কাজই দলের জনপ্রিয়তা বাড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারা ধরে নতুন নতুন কর্মসূচি চালু করছেন এবং এর কয়েকটি মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে বলে দাবি করেন তিনি। এসব কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে সেগুলো জনগণের সামনে তুলে ধরতে নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী।
দলের ভেতরে দু-একজন অনৈতিক কাজে জড়িয়ে থাকতে পারেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ৫ আগস্টের পর যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করেছেন, বিএনপি চেয়ারম্যান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন; তাই কেউ যেন অনৈতিক কাজে না জড়ান। গঠনমূলক কাজের মধ্য দিয়ে দলকে শক্তিশালী করে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার উপযোগী হয়ে উঠতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এ সময় দলের নেতা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম, আমিনুল হক, হাবিব-উন নবী খান সোহেল, মীর নেওয়াজ আলী নেওয়াজসহ অনেকে উপস্থিত ছিলেন।






