জনগণকে একরকম অবস্থান দেখিয়ে আড়ালে আপস না করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ওলামা-মাশায়েখ কনভেনশনে বক্তব্যে তিনি এ কথা বলেন।

আফেন্দি বলেন, উলামায়ে কেরামের মতামত সরকার ও বিরোধী দলকে বুঝতে হবে; মানুষকে দেখাতে দুই দল কানামাছি খেলবে আর রাতে মিলিত হবে, এমন হতে পারে না। তার ভাষায়, ‘এ ধরনের কম্প্রোমাইজের রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, আহলে হক উলামায়ে কেরামকে কেবল ভোটের আগে দরকার, পরে নয়, এমনটা যেন সরকার না ভাবে। নির্বাচনে আলেমরা পরিস্থিতি বুঝে যে যার মতো চললেও হক ও হক্কানিয়াতের প্রশ্নে তাদের মধ্যে বিভেদ নেই বলে দাবি করেন তিনি।

জমিয়ত মহাসচিব জানান, সংখ্যাগরিষ্ঠ আলেমের মতের ভিত্তিতে গড়ে ওঠা নেতৃত্ব তারা সাদরে গ্রহণ করবেন, তবে ভ্রান্ত মতাদর্শের আশ্রয়ে প্রতিষ্ঠিত নেতৃত্ব মানবেন না।