ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনো অত্যন্ত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার মতে, ফ্যাসিবাদ আজও জন্ম নিয়ে মানুষের রক্ত ঝরায়, গুম-হত্যা ঘটায়; বৈষম্যহীন সমাজ গড়তে নজরুলের সৃষ্টি তাই প্রতিনিয়ত শক্তি জোগায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর শিল্পীদের অনুষ্ঠান ‘আমি হবো সকাল বেলার পাখি’-তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দূরদর্শী রাষ্ট্রনায়ক সমাজের সব স্তরের মানুষের সুযোগ-সুবিধার পাশাপাশি শিশু-কিশোরদের এগিয়ে চলার পথও সহজ করেন। তার ভাষায় ‘স্বাধীনতার তূর্যবাদক’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন তেমন একজন, যিনি শিশুদের বিকাশে বিটিভিতে ‘নতুন কুঁড়ি’ চালু করেন এবং নজরুলকে জাতীয় কবির মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান দেন।
রিজভী জানান, বর্তমান প্রধানমন্ত্রী পিতার সেই উদ্যোগ আত্মস্থ করে চলতি ‘নজরুল বর্ষে’ শিশুদের শারীরিক ও সাংস্কৃতিক বিকাশে নতুন পদক্ষেপ নিয়েছেন। জেলায় জেলায় শিশুদের খেলাধুলার সুযোগ তৈরিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রংপুরে এক শিক্ষক পরিবারের চার সদস্য হত্যার ঘটনা টেনে সমাজে মাদকের ভয়াবহ আগ্রাসনের কথা তুলে ধরেন রিজভী। অপরাধ ও মাদক থেকে দূরে থাকতে নজরুলের গান, কবিতা ও জীবনদর্শনের ব্যাপক চর্চার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘চল্ চল্ চল্’ রণসংগীতে নজরুল পিছিয়ে পড়া জাতিকে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাওয়ার দিশা দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিন। অন্যদের মধ্যে ছিলেন ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।






