প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গায়ক আসিফ আকবরকে নিয়ে কড়া ভাষায় পোস্ট দিয়েছেন। বুধবার (২৬ আগস্ট) রাতের ওই পোস্টে তিনি আসিফ আকবরের আদালতে দেওয়া বক্তব্য, বিসিবির পরিচালক পদ এবং সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, মাথায় সমস্যা থাকায় তাঁকে মদ পান করতে হয়, এমন কথা আসিফ আকবর একসময় আদালতকে জানিয়েছিলেন। ২০২৬ সালের ২৪ মার্চ লন্ডনে সাকিব আল হাসানের জন্মদিনের কেক কাটতে গিয়ে আসিফ আকবর যে সমালোচনার মুখে পড়েছিলেন, সেটিও মনে করিয়ে দেন তিনি। রাশেদের ভাষায়, ‘আমি জানি না, কখন তার মাথায় সমস্যা থাকে, আর কখন থাকে না।’

রাশেদ খাঁন লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিসিবির পরিচালক হলেও পরে পদ ধরে রাখতে না পারায় আসিফ আকবর ক্ষুব্ধ বলে তাঁর মনে হয়। সম্প্রতি আসিফ আকবর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তিনি গুম ছিলেন নাকি লুকিয়ে ছিলেন এবং এখন স্যুট পরে সংবিধান শেখাচ্ছেন। ওই মন্তব্যের সময় আসিফ আকবরের মাথা ঠিক ছিল কি না, পাল্টা সে প্রশ্ন রাখেন রাশেদ।

রাশেদ খাঁনের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর গুম নিয়ে আসিফ আকবর যে ভাষা ব্যবহার করেছেন, শেখ হাসিনাও গুম নিয়ে একইভাবে হাসিঠাট্টা করতেন। সাকিব আল হাসানের সঙ্গে দেখা করে আসার পর আসিফ আকবরের সুর বদলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ জানান, রাজনৈতিক সমালোচনা হলে প্রতিবাদের দরকার ছিল না, কিন্তু গুম নিয়ে কটাক্ষ করায় তাঁকে জবাব দিতে হয়েছে।

পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন লেখেন, ছোটবেলা থেকেই আসিফ আকবরের গান তাঁর প্রিয় ছিল এবং বিএনপির লাখো মানুষ তাঁকে শিল্পী হিসেবে পছন্দ করত। তাঁর মতে, শিল্পী-তারকাদের দলীয় পরিচয় না থাকাই ভালো; থাকলে সাকিবের মতো ঘৃণার পাত্র হতে হবে। হঠাৎ কেন আসিফ আকবর সাকিব আল হাসানের পথে হাঁটলেন, সে প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খাঁনের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।