জমিজমা নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষের মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিন খন্দকারকে (৪৫)। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় থেকে তাঁকে ধরা হয়।

চান্দাখোলা গ্রামের মৃত ভিকু খন্দকারের ছেলে আমিন গত জাতীয় নির্বাচনের আগে ফেসবুকে পোস্ট দিয়ে সব ধরনের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কৃষক লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বড় বাংরাইল এলাকায় মনির বিশ্বাস ও মিশরু মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘ বিরোধ ছিল। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে দুই পক্ষের সমর্থকেরা প্রথমে কথা কাটাকাটিতে জড়ান, পরে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলে।

সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন এবং দুই পক্ষের আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সালথা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বাবলুর রহমান খান জানান, অভিযান চালিয়ে বুধবার সকালে আমিনকে ধরা হয়েছে। ওই সংঘর্ষের মামলার আসামি হিসেবেই তাঁকে আদালতে পাঠানো হবে।