নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কোনো অপরাধী ছাড় পাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে সভাপতির বক্তব্যে রিজভী এসব কথা বলেন; প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, পরিচালনা করেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, কেবল অপরাধীদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয়। মাদক সিন্ডিকেট কোথায় গড়ে উঠেছে, তাদের ঘাঁটি কোথায় এবং কারা তাদের মদদ দিচ্ছে, তা খুঁজে বের করে মূল শিকড় উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেন তিনি।
রংপুরে সম্প্রতি সরকারি একটি স্কুলের শিক্ষকের পরিবারে মাদকসেবীদের হামলায় চারজনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রিজভী। খুনিদের পুলিশ ধরতে পেরেছে, এ জন্য শুকরিয়া জানিয়ে তিনি বলেন, তাদের আস্তানাও খুঁজে বের করতে হবে।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে রিজভী বলেন, পরিস্থিতি আগের চেয়ে খারাপ হয়নি, তবে আরও উন্নতির প্রয়োজন আছে। দেশে কোনো সন্ত্রাসী বা মাদকসেবী থাকবে না, মানুষ এই নিশ্চয়তা চায় বলে মন্তব্য করে তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালনের ওপর জোর দেন।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে রিজভী বলেন, তাঁর নীতি মেনে চললে সমাজ ন্যায়ভিত্তিক হবে, রাষ্ট্রে ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে এবং কেউ বিপথে যাবে না।
রিজভীর দাবি, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৭ বছরের ‘ফ্যাসিবাদী দুঃশাসনের’ অবসান ঘটেছে। সরকার সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করেছে এবং মন্ত্রীরা গণমাধ্যম ও সংসদে জবাবদিহি করছেন বলেও উল্লেখ করেন তিনি।






