৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্মসূচিগুলো তুলে ধরেন।
রিজভীর সভাপতিত্বে হওয়া ওই সভায় দলের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।
কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা তোলা হবে। সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের কেন্দ্রীয় নেতা ও সর্বস্তরের নেতাকর্মীরা।
সমাপনী দিন ৫ সেপ্টেম্বর (শনিবার) কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে দুপুর ৩টা থেকে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান; জ্যেষ্ঠ নেতা ও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও অংশ নেবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত করার কর্মসূচিও নেওয়া হয়েছে। সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং তাদের অধীন ইউনিটগুলো ১ সেপ্টেম্বর নিজেদের সুবিধামতো সময়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবে।






