নেপালে আকস্মিক বন্যা ও তুষারধসে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৬ আগস্ট) বিবৃতি দিয়ে এই সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি জানান, ভূমিকম্পের পর নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলা এবং লাগোয়া তিব্বত সীমান্তে তুষারধস ও বন্যায় কমপক্ষে ৩১ জন প্রাণ হারিয়েছেন। শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য, নেপালি নাগরিক ও বিদেশি পর্যটকসহ ৩৮৪ জনের এখনো খোঁজ নেই বলেও উল্লেখ করেন তিনি।
নিখোঁজদের উদ্ধার ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট দেশের সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা।
নিহতদের মর্যাদা কামনা করে তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসা ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। এই দুঃসময়ে নেপাল সরকার ও সে দেশের মানুষের প্রতি সহমর্মিতাও জানান তিনি।






