জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভেতরেই লুকিয়ে ছিল—শুক্রবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলের এক পোস্টে এমন দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াত নেতা ও এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও তা করেনি। তার দাবি, এতে স্পষ্ট হলো যে জামায়াত ও এনসিপি ভবিষ্যতে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে; সেপ্টেম্বর-নভেম্বরে লংমার্চে দেশ অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে নিয়ে মাঠে নামবে জামায়াত।

রাশেদ খাঁন লেখেন, তাহেরের কথায় ২৪-এর গণঅভ্যুত্থানে ১৪০০-এর বেশি শহীদ ও ৩০০০০ আহত যোদ্ধার রক্তের কোনো মূল্য মেলে না। ‘২৪-এর গণহত্যাকারী’ আওয়ামী লীগ জামায়াতকে দমন করেনি—এমন কথা কীভাবে বলা যায়, সে প্রশ্নও তোলেন তিনি। তার দাবি, প্রতিদান হিসেবে আওয়ামী লীগের অপরাধকে স্বাভাবিক করে দেখাতে নতুন বয়ান দেওয়া হচ্ছে, আর পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছেন নাহিদ ইসলাম।