বিএনপির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সহসভাপতি ইলিয়াস আহমেদ (ইলিয়াস মাস্টার) আর নেই। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এই প্রবীণ নেতা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে তার গ্রামের বাড়ি। তার ছেলে ব্যারিস্টার আবদুল্লাহ আল মাসুদ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
পরিবারের বরাতে বিএনপির নোয়াখালী জেলা শাখার সদস্য বেলায়েত হোসেন স্বপন জানান, ইলিয়াস আহমেদ ৩৮ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে।
বেলায়েত হোসেন স্বপন আরও জানান, শুক্রবার এশার পর রাজধানীর লালমাটিয়া শাহী মসজিদে (বিবি মসজিদ) প্রথম জানাজা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় মুছাপুরে নিজ বাড়ির প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।
জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।






