পিডিপির (প্রগতিশীল গণতান্ত্রিক দল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. ফেরদৌস আহমদ কোরেশীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ডাকসুর সাবেক ভিপি ছিলেন তিনি।

পিডিপির চেয়ারম্যান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী (গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দল-এমএলের সভাপতি), কমরেড ডা. সামছুল আলম (সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক) এবং আমানতউল্লাহ আমান (পিডিপির মহাসচিব)। সাম্যবাদী দল-এমএলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম ও পিডিপির ভাইস-চেয়ারম্যান মো. আরব আলীসহ দুই দলের অন্য নেতারাও সভায় ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, ড. ফেরদৌস আহমদ কোরেশীকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা যাবে না। মেহনতি মানুষের অধিকার আর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ার জন্য তিনি আজীবন কাজ করেছেন বলে উল্লেখ করেন তারা।