কাবা শরীফকে সাক্ষী রেখে রাজনীতিকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার সক্রিয় বিএনপি নেতা সাদ্দাম হাওলাদার। কর্মসূত্রে সৌদি আরবে থাকা এই নেতা সোমবার (৩১ আগস্ট) কাবা শরীফের সামনে ধারণ করা একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করে এ সিদ্ধান্ত জানান।

ভিডিওতে তিনি বিএনপি-সংশ্লিষ্ট সব সাংগঠনিক পদ ও রাজনৈতিক তৎপরতা থেকে সরে যাওয়ার কথা বলেন। ফেসবুক পোস্ট অনুযায়ী, তিনি এখন জিয়া সাইবার ফোর্সের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি।

ভিডিওর মন্তব্যের ঘরে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে সাদ্দাম লিখেছেন, তাঁর পরিবার বহু বছর ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত। তিনি নিজে জাতীয় উপনির্বাচন কমিটির সাবেক সদস্য ও দলের সক্রিয় কর্মী ছিলেন, ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদের প্রার্থীও ছিলেন।

রাজনীতি ছাড়ার ব্যাখ্যায় তিনি লেখেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাজনীতি চালিয়ে যাওয়া তাঁর পক্ষে আর সম্ভব নয়। দল কিংবা কোনো নেতার বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি; জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়ে খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাও প্রকাশ করেন।

সাদ্দাম জানান, সম্মানের সঙ্গে ও সজ্ঞানে তিনি দেশের সব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে যাচ্ছেন এবং ৩১ আগস্টের পর আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না। জেনে বা না জেনে রাজনৈতিক জীবনে কাউকে আঘাত দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি, আর রাজনীতি না করলেও গরিব ও অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

আকস্মিক এ সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক বিরোধ, ক্ষোভ নাকি অন্য কিছু রয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে চেষ্টা করেও সাদ্দামের বক্তব্য পাওয়া যায়নি।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্নার ভাষ্য, বিষয়টি তাঁর জানা নেই; সাদ্দাম অনেক দিন ধরে কাজের সূত্রে সৌদি আরবে আছেন। কোনো বিরোধ বা ক্ষোভ থেকে এ সিদ্ধান্ত কি না এবং লিখিত পদত্যাগপত্র না দিয়ে কেন ফেসবুকে ভিডিও দিয়ে ঘোষণা এল, তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।