দেশের স্বার্থের প্রশ্নে বিএনপি অতীতে কোনো আপস করেনি, সামনেও করবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান। তার দাবি, কোনো আধিপত্যবাদী শক্তির সামনেও দলটি কখনো মাথা নোয়ায়নি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থে তারা কেউ ছাড় দেননি।

শাহাজাহান বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতির কেন্দ্রে রয়েছে মানুষের কল্যাণ আর জাতীয় স্বার্থ। তার ভাষায়, তারেক রহমানের কাছে দেশ ও জনগণই সবার আগে; নিজের লাভ বা ক্ষমতার জন্য নয়, মানুষের ভাগ্য বদলাতেই তিনি রাজনীতি করেন।

উন্নয়ন বলতে কেবল বড় অবকাঠামো বোঝায় না উল্লেখ করে তিনি বলেন, কৃষকের ন্যায্য অধিকার, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, তরুণদের ভবিষ্যৎ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাও এর গুরুত্বপূর্ণ অংশ। মানুষের জীবনমান বাড়াতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বিএনপির এই নেতার ভাষ্য, বিএনপিসহ সর্বস্তরের মানুষের ত্যাগ, লড়াই ও বহু প্রাণের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং গণতন্ত্রের পথ তৈরি হয়েছে। সে কারণে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত ও প্রত্যাশাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশীদ আজাদসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।