এক-এগারোর সময়ের সেনাসমর্থিত সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল এবং সেই নির্যাতনের চিহ্ন তিনি এখনো বয়ে চলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্রফোরামের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুমন জানান, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস। তার দাবি, সে সময় কোনো ওয়ারেন্ট ছাড়াই তাদের প্রিয় নেতাকে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়েছিল।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, তারেক রহমান নিজেই সেই দিনগুলো মনে রাখতে চান না। রুমনের মতে, প্রতিশোধে মনোযোগ দিলে পাঁচ বছরেও তা শেষ হবে না, আর তাতে মানুষ যে আশায় তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে, তা পূরণ হবে না।

তিনি বলেন, ‘তারেক রহমান চান দুঃসহ স্মৃতিগুলো পেছনে ঠেলে দেশের উন্নয়নের মাধ্যমে সামনে এগিয়ে যেতে।’ প্রধানমন্ত্রীর ভালো উদ্যোগগুলো সফল করতে ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দুঃসময়ের কথা স্মরণ করে রুমন বলেন, গত ১৯ বছর দিবসটি নিয়মিত পালিত হয়েছে, তবে এখনকার পরিস্থিতির সঙ্গে সেই কঠিন সময়ের মিল নেই। তার অভিযোগ, তখন দিবস পালন করতে গিয়ে নেতাকর্মীদের স্বৈরাচারের চোখ রাঙানি সইতে হয়েছে, কারাবরণও করতে হয়েছে। এবার আয়োজনে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

সভায় রুমন সভাপতিত্ব করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং উত্তরাঞ্চল ছাত্রফোরামের উপদেষ্টা ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনসহ ছাত্রনেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।