প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন। খবরটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।

মালয়েশিয়া থেকে স্ত্রী আফরোজা আব্বাস জানান, ফেরার সব প্রস্তুতি শেষ; শরীর অনেকটা ভালো হলেও চিকিৎসা চলবে এবং প্রতিদিন থেরাপির ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, কয়েক সপ্তাহ ধরে দেশে ফেরার তাগাদা দিচ্ছিলেন মির্জা আব্বাস, পরে সব প্রতিবেদন পর্যালোচনা করে চিকিৎসকরা অনুমতি দেন।

গত ১১ মার্চ ইফতারের সময় পানি খেতে গিয়ে আচমকা জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে সে রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং পরীক্ষার পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।

১৫ মার্চ অবস্থার আরও অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিছুটা উন্নতি হলে ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নেওয়া হয়, এরপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয়ী হয়ে সংসদ সদস্য হন মির্জা আব্বাস।