রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এখন স্থিতিশীল আছেন। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আরও কয়েক দিন হাসপাতালে থাকবেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৭৬ বছর বয়সী মন্ত্রী জরুরি বিভাগে আসেন। প্রাথমিক পরীক্ষায় শ্বাসকষ্টের সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রাও কম পাওয়া যায়।
পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয় এবং তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়। কর্তৃপক্ষ জানায়, মন্ত্রীর আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে; সম্প্রতি ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) বসানো হয়েছিল।






