স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির রাজনীতিতে সরাসরি জড়িত একজনকে নিয়োগ দিয়ে ভোট ‘দখলের ছক’ কষা হচ্ছে বলে অভিযোগ করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন।

আখতার হোসেনের দাবি, শুধু ইসি নয়, সরকারি সংস্থা ও রাষ্ট্রের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও দলীয় লোক বসানো হচ্ছে; নির্বাচনের ঠিক আগে কমিশনে এমন নিয়োগের উদ্দেশ্য বুঝতে কষ্ট হয় না।

তাঁর অভিযোগ, সামনের নির্বাচনগুলোতে দখলদারি কায়েমের নতুন পরিকল্পনা শুরু হয়েছে। তবে আওয়ামী লীগ আমলের মতো একতরফা ভোট, রাতের ভোট বা কেন্দ্র দখলের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন এনসিপির এই নেতা।

ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন ও জেলা পরিষদ—সব জায়গায় প্রশাসক বসিয়ে রাখার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের কথা মুখে বলা হলেও বাস্তবে কোনো প্রস্তুতি চোখে পড়ছে না।

ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চ ঘিরে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তা থামানোর ক্ষমতা কারও নেই বলে দাবি করেন এনসিপির সদস্যসচিব। গণঅভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র বন্ধ এবং জনগণের আকাঙ্ক্ষার স্বীকৃতি দিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিও জানান তিনি।