কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ পাওয়া কক্ষে ব্যাপক উইপোকা দেখে সেখানে রাত না কাটিয়েই চলে গেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কক্ষ বদলের অনুরোধের পরও প্রশাসন তাৎক্ষণিক অন্য কোনো ব্যবস্থা না নেওয়ায় শুক্রবার রাতেই সেখান থেকে বেরিয়ে যান তিনি।

জানা গেছে, ১১ দলীয় জোটের লংমার্চে যোগ দিতে ঢাকা থেকে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের এই সংসদ সদস্য। তাঁর জন্য রাধাচূড়া-২০২ নম্বর কক্ষ বুক করা ছিল; রাত ১০টার দিকে বিশ্রাম নিতে গিয়ে তিনি দেখেন পুরো কক্ষে উইপোকা ছড়িয়ে আছে।

অস্বস্তিতে পড়ে তিনি দায়িত্বরত কর্মচারীকে কক্ষ বদলে দিতে বলেন এবং একটি কম্বল চান, তবে কর্মচারীরা কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। পরে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আরিফুর রহমান কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) বিষয়টি জানান, কিন্তু তাতেও দ্রুত বিকল্প আবাসনের ব্যবস্থা হয়নি। দীর্ঘ অপেক্ষার পর একপর্যায়ে তিনি সার্কিট হাউস ছেড়ে চলে যান।

ঘটনাটি ঘিরে সার্কিট হাউসের অতিথি ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে; রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ অতিথি এমন পরিস্থিতিতে পড়ার পরও কেন সঙ্গে সঙ্গে বিকল্প কক্ষ দেওয়া হলো না, সে প্রশ্নও উঠেছে। কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে ক্ষোভ প্রকাশ করেন। তবে বিষয়টি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসনের কোনো কর্মকর্তার মন্তব্য মেলেনি।