লংমার্চের নামে জ্বালানি পুড়িয়ে মানুষের দুর্ভোগ না বাড়িয়ে গত ছয় মাসে নিজেদের সাফল্যের হিসাব কষতে বিরোধী দলকে পরামর্শ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কুষ্টিয়ার খোকসায় জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, জ্বালানি সংকটের কথা বলার মধ্যেই লংমার্চের জন্য প্রায় ১ লাখ লিটার তেল পুড়ছে। এতে জাতীয় সম্পদ নষ্ট হচ্ছে, মানুষও চরম দুর্ভোগে পড়ছেন।
বিরোধী দলের দ্বিতীয় শপথের কড়া সমালোচনা করে ইশরাক বলেন, সরকার সংবিধান সংশোধনের পথেই সংস্কার শেষ করতে চায়। তার দাবি, অসাংবিধানিক ও অবৈধভাবে যারা দ্বিতীয়বার শপথ নিয়েছেন, আইন বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী তাদের প্রথম শপথও অবৈধ হয়ে পড়েছে। সংবিধান সংশোধন কমিটিতে ডাকা হলেও বিরোধী দল সেখানে না গিয়ে রাস্তায় নেমে মানুষকে কষ্ট দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দুপুর ও বিকেলে প্রতিমন্ত্রী খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলা বিএনপির স্মরণসভায় যোগ দেওয়ার পাশাপাশি কোরআন শরীফ ও ক্রীড়াসামগ্রী বিতরণ, গাছ লাগানো ও ওসমানপুর ইউনিয়নে পোনা মাছ ছাড়ার কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






