বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের আন্দোলন ঈদের পরের নয়, জনগণের প্রাণের দাবি আদায়ের আন্দোলন। শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন।
কাউকে ক্ষমতা থেকে সরাতে তারা আন্দোলনে নামেননি জানিয়ে তিনি প্রশ্ন রাখেন, কেউ নিজেই বিদায়ের পথে হাঁটলে কি তাকে সূরা ইয়াসিন পড়ে পানি পড়া খাওয়াতে হবে। তার দাবি, আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা এখনো সংসদে থাকলেও আগামী অধিবেশনে যোগ দেবেন কি না, নিশ্চিত নন; জনগণের সমস্যার সমাধান না এলে সংসদ সচল রেখে লাভ কী, প্রশ্ন তার।
প্রধানমন্ত্রী বলেছেন, ১১ দল স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যা নিয়ে রাজনীতি করছে। জবাবে নাহিদ বলেন, সমাধান করতে না পারলে প্রধানমন্ত্রীর উচিত জনগণের কাছে স্বীকার করা যে একা তা সম্ভব নয়, দেশ চালানোর সঠিক পরিকল্পনাও তার নেই।
লংমার্চে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটের শীর্ষ নেতারাও ছিলেন।






