জাতীয় সংসদে তোলা ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬-এ প্রচলিত মুসলিম পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার যেন কোনো ব্যত্যয় না ঘটে, সেদিকে নজর রাখতে সরকারকে আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বৃদ্ধ মা-বাবার নিরাপত্তা, চিকিৎসা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা সন্তানের ঈমানী ও নৈতিক দায়িত্ব, তাই প্রবীণদের সুরক্ষায় যেকোনো ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়।
হেফাজত নেতাদের ভাষ্য, মুসলমানদের সম্পত্তি বণ্টন, হেবা ও মালিকানা বদল শরিয়াহভিত্তিক ফারায়েজ আইনের অধীন, তাই হস্তান্তরের নতুন কোনো পদ্ধতি মূল ইসলামী মিরাস ও হেবার বিধানের পরিপন্থী হতে পারবে না। সরকার একে সাধারণ হস্তান্তর পদ্ধতি বললেও এটি যেন কুরআন-সুন্নাহ নির্ধারিত উত্তরাধিকার নীতির ক্ষতি না করে, সে বিষয়েও সতর্ক করেন তারা।
আইনি জটিলতা ও শরিয়তের সঙ্গে অসংগতি এড়াতে বিল চূড়ান্ত হওয়ার আগে মুফতি, ফকিহ ও ইসলামী আইনের বিশেষজ্ঞদের মত নেওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, শরিয়াহ বোর্ডের পর্যালোচনায় প্রয়োজনীয় সংশোধন আনা হোক, যাতে মা-বাবার অধিকারের সঙ্গে সুন্নাহসম্মত হেবা ও মিরাসের বিধানও সুরক্ষিত থাকে।






