এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে সরিয়ে নিয়েছেন। এখন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় থাকা ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার।

সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটি এ তথ্য জানিয়েছে। এনসিপি জানায়, আগে তিনি ঢাকা উত্তর সিটির উত্তরা এলাকায় নিবন্ধিত ভোটার ছিলেন।

দলটির ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-ইউ-১৩ পূরণ করে আইনি ও প্রশাসনিক সব ধাপ মেনে স্থানান্তরের আবেদন করা হয়েছিল। কাগজপত্র যাচাই-বাছাই ও দাপ্তরিক পরীক্ষা শেষে কমিশন আবেদনটি অনুমোদন দিয়েছে এবং স্থানান্তর নিশ্চিত করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ঢাকা-৮ আসন থেকেই লড়েছিলেন পাটওয়ারী। সেখানে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে হেরে যান।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগেই জানিয়েছেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে কমিশন। পরে ধাপে ধাপে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের ভোট হবে।