সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে চব্বিশের অভ্যুত্থানে আহত ও নির্যাতিত জুলাই যোদ্ধারাই তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার ভাষ্য, সোনা মসজিদ সীমান্ত, বিমানবন্দর বা বেনাপোল—যেখান দিয়েই আসুন, নির্যাতিত-নিপীড়িতরা প্রস্তুত থাকবেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন দুলু।
দুলু বলেন, সম্প্রতি এক বক্তব্যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসার কথা বলেছেন, যার উদ্দেশ্য দেশবাসীকে ভয় দেখানো বলে তার দাবি। কিন্তু মানুষ ভয় পায় না; বরং পঙ্গু ও চোখ হারানো জুলাই যোদ্ধারা তার অপেক্ষায় আছেন।
নাটোরে আওয়ামী লীগের আমলে বহু নেতাকর্মী হত্যার বিচার হয়নি বলে অভিযোগ করেন দুলু। শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সাহস থাকলে দেশে আসেন’।
দুলুর ভাষ্য, জিয়াউর রহমানের হত্যাকারীরা মানুষের মন থেকে বিএনপিকে মুছে ফেলতে পারেনি; আওয়ামী লীগও খুন, গুম ও নির্যাতন চালিয়ে দলটিকে নিশ্চিহ্ন করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, আর প্রধানমন্ত্রী তারেক রহমানকে মিথ্যা মামলায় দেশছাড়া করার পাশাপাশি নির্যাতন করে তার হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারি সভায় সভাপতিত্ব করেন; বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক প্রমুখ।






