ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির পুলিশের কাছে মামলা করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রায় তিন ঘণ্টা ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে ছিলেন তিনি। গত সোমবার রাতে তাকে হেনস্তার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
জানা গেছে, ভিডিওতে যাদের দেখা গেছে তাদের সবাইকে মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং ভিডিওচিত্রও পুলিশকে দেওয়া হয়েছে। এ সময় বাঁধনের সঙ্গে ছিলেন বাংলাদেশের মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধিদল।
এর আগে মঙ্গলবার দুপুরে ফেসবুকে বাঁধন ঘোষণা দিয়েছিলেন, মামলা না করে ভেনিস ছাড়বেন না। সোমবারের ঘটনার পর ইতালীয় পুলিশই তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় বলেও জানান তিনি।
সাংবাদিক গোলাম মোর্তোজা, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার (প্রেস), ফেসবুকে জানান, বাঁধনের সঙ্গে ফোনে তার বিস্তারিত কথা হয়েছে। তার ভাষ্য, বাঁধন তিনজনের নামে মামলা করেছেন, যাদের তিনি ‘আওয়ামী জঙ্গি’ বলে উল্লেখ করেন। ইতালির বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা মঙ্গলবার ভেনিসে এসে ইতালীয় পুলিশের সঙ্গে মামলার পুরো প্রক্রিয়ায় বাঁধনের পাশে ছিলেন।
গোলাম মোর্তোজা আরও জানান, ইতালির মূলধারার গণমাধ্যমে ঘটনাটির খবর এসেছে। বাঁধন আমন্ত্রিত অতিথি হওয়ায় ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও বিষয়টি পুলিশকে জানিয়েছে এবং তাকে ইচ্ছেমতো আরও কয়েক দিন থাকার সুযোগসহ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে।
তিনি জানান, মামলা চললেও উৎসব শেষে বাঁধন ঢাকায় ফিরবেন। সাক্ষ্য লাগলে তাকে আবারও ভেনিসে আসতে হতে পারে; পুলিশ জানতে চাইলে বাঁধন অবশ্যই আসবেন বলে জানিয়েছেন।






