অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর ইতালিতে ৭ সেপ্টেম্বর হওয়া হামলায় জড়িতদের মধ্যে পাঁচজনকে শনাক্ত করার কথা জানিয়েছে বাংলাফ্যাক্ট। এটি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা দল।
বাংলাফ্যাক্ট জানায়, হামলার বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করা হয়েছে। অনুসন্ধান দলের তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া সবাই ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।
আন্তর্জাতিক একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বাঁধন এখন ইতালিতে। সেখানে ভাইকে নিয়ে রাস্তায় বেরোলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা তাকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে; বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ঘটনাটি ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ওঠে।
চব্বিশের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির পক্ষে এবং আন্দোলন দমনে হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব ছিলেন বাঁধন।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর ভাষ্য, গণঅভ্যুত্থানের পর দেশ ও প্রবাসের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ থেকে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বেড়েছে। তাদের মতে, এর লক্ষ্য মূলত বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও আন্দোলনে অংশ নেওয়া দল-সংগঠন; সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারকে ঘিরেও গুজব ছড়ানোর চেষ্টা ধরা পড়ছে।






