বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংস্কৃতিক আধিপত্যবাদ মোকাবিলার পথ একটাই, সাংস্কৃতিক উদ্যোগ। রবিউল আউয়াল উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের নাতে রাসুল (সা.) ও কাওয়ালী সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

জামায়াত আমির বলেন, দেশীয় সংস্কৃতি ধারণ ও বিকাশে কিছু ক্ষেত্রে পিছিয়ে পড়ার সুযোগে অপসংস্কৃতি জেঁকে বসেছে, যাকে তিনি সাংস্কৃতিক আগ্রাসন বলে উল্লেখ করেন। তাঁর ভাষায়, এই আধিপত্যবাদ ‘প্রতিবাদ করে, বক্তৃতা দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়’।

বক্তব্যের শুরুতে তিনি ঘোষণা দেন, নাতে রাসুল (সা.) প্রতিযোগিতার তিন গ্রুপের প্রথম স্থান অধিকারীদের পবিত্র কাবা ঘরে ওমরাহ পালনের সুযোগ করে দেবেন।

রাসুলের (সা.) জীবনে রাজনৈতিক কাজের চেয়ে সাংস্কৃতিক কার্যক্রমই বেশি ছিল বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তাঁর মতে, সুন্দর একটি গানও মানুষের হৃদয়ে ইমানের আলো জ্বালাতে পারে।

আয়োজক সংগঠনের সভাপতি সাইফুল্লাহ মানছুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; লেখক ও সম্পাদক আবুল আসাদসহ অনেকে উপস্থিত ছিলেন।