ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পা হারানো আবুল হোসাইনকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন আতাউর রহমান সরকার। তিনি কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান; জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরারও সদস্য।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কসবায় এক অনুষ্ঠানে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে এবং আল্লাহকে সন্তুষ্ট করতেই তাঁরা সমাজসেবা করেন বলে জানান আতাউর রহমান সরকার। তাঁর আহ্বান, ‘সমাজের অসহায় মানুষের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ইয়াকুব আলী, জামায়াতের কসবা উপজেলা আমির ফরিদ উদ্দিন আহমেদ ও শিবিরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে জামায়াতের কেন্দ্রঘোষিত ১ থেকে ৩০ সেপ্টেম্বরের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কসবায় গণসংযোগ চালায় দলটি। কসবা জনতা টাওয়ারের সামনে এর উদ্বোধন করেন দলের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুস সাত্তার এবং আতাউর রহমান সরকার।
গণসংযোগে জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম, কসবা পৌরসভায় মেয়র পদপ্রার্থী কাজী সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিবলী নোমানীসহ স্থানীয় নেতারা অংশ নেন।






