নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারছে না, সরকারের নির্দেশনায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, বর্তমান বাস্তবতায় এই কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলোকে সরকার ভোট বর্জনের পথে ঠেলে দিচ্ছে।
স্থানীয় সরকারে দলীয়করণের অভিযোগ এনে তিনি বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসক বসিয়ে সরকার নিজ দলের লোকদের দায়িত্ব দিয়েছে, ফলে নিরপেক্ষ ভোট আয়োজন দুরূহ হয়ে পড়েছে।
আট দফা দাবি তুলে ধরে পরওয়ার বলেন, ভোট পেছানোর কোনো অজুহাত মানা হবে না; প্রত্যেক প্রার্থীকে পর্যাপ্ত সময়, সুযোগ ও নিরাপত্তা দিয়ে সমান প্রতিযোগিতার মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা এবং ইসিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবিও জানান তিনি।
এর আগে ইসির সঙ্গে বৈঠকে প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগসহ কয়েক দফা দাবি দিয়েছিল জামায়াত। অন্যদিকে ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে; ইসি সচিব সম্প্রতি বলেছেন, শুরুতে কয়েক ধাপে ভোট গ্রহণের একটি সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে।






