জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অস্বীকার করে সরকার উল্টো দিকে চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার শ্রমবাজার ও সিন্ডিকেট নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তার অভিযোগ, বিএনপি গণভোটের আহ্বান জানালেও তা মানবে না, জুলাই চার্টারও হুবহু বাস্তবায়ন করবে না। দুদক, মানবাধিকার কমিশন ও ইসি স্বাধীন হওয়ার কথা থাকলেও ইসিতে বহু আগে বিদায় নেওয়া এক দলীয় কর্মীকে অতিরিক্ত সচিব করা হয়েছে বলে দাবি তার।
শফিকুর রহমান বলেন, প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা বললেই দায় শেষ হয় না, তাদের অধিকারও নিশ্চিত করতে হবে; স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করা হবে প্রবাসীদের প্রতি জুলুম, তা মানা হবে না।
মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবারের মতো অচলাবস্থা ঠেকাতে সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়ে তিনি বলেন, বিরোধী দল ক্ষমতা নয়, জনগণের বিজয় চায় এবং সংসদের ভেতরে-বাইরে জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে সোচ্চার থাকবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তার মন্তব্য, মুখ বন্ধের আইন মানা হবে না।






