দেশে মাদকাসক্ত তরুণ-তরুণীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। রাজবাড়ী কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা শাখা আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
সিবগাতুল্লাহর ভাষ্য, ভৌগোলিক অবস্থানের কারণে সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ নানা মাদক দেশে ঢোকানো হচ্ছে। তরুণ সমাজের একটি অংশ মাদকে জড়িয়ে পড়ায় দেশ বড় সংকটে পড়ছে এবং মাদকের বিস্তার একটি জাতিকে পিছিয়ে দিতে যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালে আবু সাঈদসহ বহু মানুষের রক্তের বিনিময়ে ব্যবস্থা বদলের আশা করেছিলেন তারা। কিন্তু নতুন সরকার আসার পরও মেধাবীদের নানাভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি; তার মতে, দেশে দীর্ঘদিন ধরে মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চলতি বছর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী, অথচ বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশলসহ উচ্চশিক্ষায় আসন এর চেয়ে কম। ফলে জিপিএ-৫ পেয়েও সবাই ভর্তির সুযোগ পাবে না, আবার না পেয়েও অনেকে পাবে; তাই এ ফলকে শেষ কথা না ভেবে পড়াশোনা ও দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
বাংলাদেশের তরুণদের অত্যন্ত সৃজনশীল উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞান উৎসব ও উদ্ভাবনী কাজে তাদের মেধার পরিচয় মেলে, এ সম্ভাবনা কাজে লাগালে দেশ আরও এগোবে। সেবা নিতে সরকারি দপ্তরে গিয়ে মানুষকে ঘুষ-দুর্নীতির শিকার হতে হয়, এমন অভিযোগের কথা তুলে ধরে তিনি বলেন, তরুণদের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা গড়ে উঠেছে।
আবু সাঈদ, আবরার ফাহাদ ও জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে তিনি শিক্ষার্থীদের কেবল মেধাবী নয়, সৎ, নৈতিক ও মানবিক মানুষ হয়ে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, তাদের লক্ষ্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা।
জেলা শাখার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট নুরুল ইসলাম, ডা. মো. ইউনুছ আলী মোল্লা এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে প্রকৌশলী আলী আহমেদ তাহকিকসহ অনেকে। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, জেলার এমন প্রায় ৪০০ শিক্ষার্থীকে অনুষ্ঠানে পবিত্র কোরআন শরিফ, ক্রেস্ট ও গিফট বক্সসহ নানা উপহার দেওয়া হয়।






