বগুড়ার শেরপুরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে টানানো ব্যানার কে বা কারা ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিপুরে বগুড়া-রংপুর মহাসড়কের ওভারব্রিজে লাগানো ব্যানারগুলো ছিঁড়ে রাস্তায় ফেলে রাখা হয়।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি এসএম মঈনুদ্দিন। অভিযোগে বলা হয়, ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ উপলক্ষে মহিপুর ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে এনসিপির দুটি ও জোটের দুটি ব্যানার টানানো হয়েছিল।
শুক্রবার রাত ১০টায় এনসিপির নেতারা গিয়ে ব্যানারগুলো ছেঁড়া অবস্থায় নিচে পড়ে থাকতে দেখেন। জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক রাশেদ সাদাত জানান, তাঁদের ধারণা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টার মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে।
ওসি বলেন, অভিযোগ পেয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।






