জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছানোর কথা। তাঁর এ সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সভাটি হয়। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কামাল পাশা বাবুল, যিনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন স্টেট, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদের নিয়ে এখন পর্যন্ত ৩৪টি সভা হয়েছে বলে জানানো হয়।

সভায় বিমানবন্দর ও জাতিসংঘের সামনে শৃঙ্খলা বজায় রেখে, ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলার যেন কোনোভাবে অবনতি না ঘটে, সে জন্য সবাইকে সহনশীল ও সতর্ক থাকার পরামর্শ দেন নেতারা।

সভায় যোগ দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, সৈয়দা মাহমুদা শিরিন ও গোলাম ফারুক শাহিন প্রমুখ।

সভায় নেতারা অঙ্গীকার করেন, দীর্ঘদিন পর আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে এক হয়ে তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সুন্দর ও সফল করতে কাজ করবেন।