জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে পৌঁছাবেন। সফরটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তাকে জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বরণ করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্য প্রেসে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সফরের প্রস্তুতি ও গুরুত্ব ব্যাখ্যা করেন।
খোকনের ভাষায়, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমানের এ সফর দেশের জন্য বড় গৌরবের। তিনি মনে করিয়ে দেন, এর আগে তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন; এবার তাদের উত্তরসূরি হিসেবে বিশ্বমঞ্চে বক্তব্য রাখবেন তিনি।
নেতারা বলেন, বাবা, মা ও সন্তান—তিনজনেরই রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার ঘটনা এক বিরল নজির। তাদের মতে, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য দ্বিগুণ আনন্দের, কারণ ৪০ বছর পর আবার একজন বাংলাদেশি—পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান—সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন, যা ১৯৩ সদস্য রাষ্ট্রের মঞ্চে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
সংবাদ সম্মেলনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে নেতারা বলেন, পতিত স্বৈরাচারী শাসনের গণহত্যায় ১৪ শতাধিক মানুষ নিহত ও ৩০ হাজারের বেশি আহত হন; প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান পুনর্গঠনে প্রবাসীদের পূর্ণ সমর্থনের কথাও জানানো হয়।
নেতারা জানান, দেশে কৃষক কার্ড, স্পোর্টস কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো চলতি বছরের মধ্যেই প্রবাসীদের জন্য নানা সুবিধাসহ প্রবাসী কার্ড চালু করা হবে, যাতে তাদের বিনিয়োগ, মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে আরও ভালোভাবে কাজে লাগানো যায়।
সম্মেলনের শেষ ভাগে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে প্রবাসীদের সজাগ থাকতে বলা হয়। সফর ঘিরে প্রতিটি কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে সংযত ও দায়িত্বশীল থাকতে দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। এ সময় নাহিদুল খান সাহেল (বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক) ও হাবিবুর রহমান সেলিম রেজা (নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি) উপস্থিত ছিলেন।






