জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে সরকার মানুষের ওপর নতুন আর্থিক চাপ তৈরি করেছে, এমন অভিযোগ তুলেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি-গ্যাস সংকট, আইনশৃঙ্খলার অবনতি ও কারখানার স্থবিরতায় মানুষ যখন দিশেহারা, তখন গভীর রাতে দাম বাড়িয়ে নতুন আঘাত হানা হলো। সিদ্ধান্তটিকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তিনি বলেন, এর প্রভাব নিত্যপণ্য থেকে কৃষি, পরিবহন ও শিল্প খাত পর্যন্ত ছড়াবে।
জালালুদ্দীন আহমদের অভিযোগ, মানুষের কষ্ট কমানো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হলেও বারবার জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় খাতে দাম বাড়িয়ে জীবন আরও কঠিন করা হচ্ছে। তার ভাষায়, ‘গভীর রাতে এমন সিদ্ধান্ত গ্রহণ জনগণের সঙ্গে প্রহসনের শামিল।’
বিকেএম মহাসচিবের ভাষ্য, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ এবং হত্যা-অপহরণসহ নানা অপরাধে জনমনে অস্থিরতা রয়েছে, শিল্প ও উৎপাদন খাতও সমস্যায় জর্জরিত। এমন সময়ে মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার নতুন অর্থনৈতিক চাপ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মানুষের মত ও বাস্তবতা উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত স্থায়ী জনসমর্থন পায় না; ব্যয় বাড়িয়ে উন্নয়নের গল্প শোনানো গেলেও কষ্টের বাস্তবতা ঢেকে রাখা যায় না। বিবৃতির শেষে তিনি সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনা, বাড়তি চাপ কমানো ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।






