কারাগারে থাকা মো. বায়েজিদ হোসেন শাহেদকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি দলের ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্র থেকে পাঠানো নোটিশে অবিলম্বে কার্যকর এ সিদ্ধান্ত জানানো হয়।
দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা নোটিশে বলা হয়, গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় জেলা প্রশাসন। অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪০ বছর বয়সী শাহেদকে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠান।






