বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী শক্তির জন্য বাংলাদেশে কোনো স্থান নেই। যারা বাংলাদেশকে উপনিবেশ বা চাটুকার রাষ্ট্র বানাতে চায়, তাদের ঠেকাতে রাজপথের প্রতিটি মোড়ে কঠিন ব্যারিকেড গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার পর দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণকে দূরদর্শী আখ্যা দিয়ে তাঁকে অভিনন্দন জানান রিজভী। তাঁর ভাষ্য, মানুষ যুদ্ধ নয়, শান্তি চায়; যুদ্ধ বাধলে নিত্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ-সংকট ও বেকারত্ব দেখা দেয়, যা প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে।
রিজভী দাবি করেন, বিএনপি কোনো সাজানো, মিডনাইট বা ডামি নির্বাচনে ক্ষমতায় আসেনি। দীর্ঘ লড়াই শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোট সরকার দেশ পরিচালনা করছে এবং মানুষের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।






