রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারসহ ছয় দফা দাবি তুলেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া যৌথ বিবৃতিতে ঘটনার কড়া নিন্দা জানিয়ে এসব দাবি তোলেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

দলটির দাবি, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের, যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি হামলার পরিকল্পনাকারী, অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের বিচার, লুট হওয়া সরকারি টিকা, নথিপত্র ও চিকিৎসা সরঞ্জাম উদ্ধার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কি না তার তদন্ত, জমি বা লিজ-সংক্রান্ত বিরোধের আইনি নিষ্পত্তি এবং কেন্দ্রটির চিকিৎসাসেবা দ্রুত চালুর দাবি জানিয়েছে তারা।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাতের অন্ধকারে দুই শতাধিক লোক স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালাল অথচ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তা ঠেকাতে পারল না—এটিকে স্বাভাবিক ঘটনা মানতে নারাজ দলটির নেতারা। তাদের মতে, এটি রাষ্ট্রের আইন-প্রশাসনের সক্ষমতা আর মানুষের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।

প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য তুলে ধরে নেতারা জানান, নগদ টাকা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি সরকারি ইপিআই টিকা এবং টিকাদানের রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথি লুট হয়েছে, ভারী যন্ত্র দিয়ে ভেঙে ফেলা হয়েছে স্থাপনাও। প্রতিষ্ঠানটির হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।

জমি নিয়ে বৈধ দাবি থাকলে আইন-আদালতের পথ খোলা আছে; রাতে দলবল নিয়ে চিকিৎসাকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার অধিকার কারও নেই বলে মন্তব্য করেন নেতারা। নির্বাচিত সরকারের সময়েও মব কালচার না থামাকে দুঃখজনক আখ্যা দিয়ে তারা বলেন, সরকার যদি সত্যিই দেশে মব কালচারের অবসানের কথা বলে থাকে, তবে মিরপুরের ঘটনায় তার প্রমাণ দেখতে চান তারা।