জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেতে ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতের সামনে জড়ো হন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী। স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সেখানে তাঁদের দীর্ঘ সারি দেখা যায়, তবে সাক্ষাৎ পর্বের ব্যবস্থাপনা নিয়ে অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ পরিস্থিতির জন্য উপস্থিত নেতাকর্মীরা বিএনপির এক কেন্দ্রীয় নেতা ও যুক্তরাষ্ট্র বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে দায়ী করেন। তবে দলের দায়িত্বশীল কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

অনেকে বহু দূর থেকে এসে প্রিয় নেতাকে এক নজর দেখা ও শুভেচ্ছা জানানোর আশায় লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু দেখা না পেয়ে তাঁরা আয়োজকদের বিরুদ্ধে চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলেন। হোটেলের বাইরে নেতাকর্মীদের বিক্ষোভের মুখে নিউইয়র্ক সিটি পুলিশের বহু সদস্য দ্রুত সেখানে পৌঁছান এবং বারবার সবাইকে শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়াতে বলেন।

উপস্থিত কয়েকজন বলেন, আয়োজকদের ঠিকঠাক সমন্বয় আর ন্যূনতম আন্তরিকতা থাকলে এমন অবস্থা এড়ানো যেত। একজনের অভিযোগ, ‘আয়োজকরা সঠিক নির্দেশনা বা সঠিক শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে যান জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে। সফরে মূল অধিবেশনের বাইরে তিনি নানা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করছেন।