মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের কঠোর সাজা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে তিনি লেখেন, মধ্যরাতে দেশীয় অস্ত্র হাতে মুখোশধারী দুই শতাধিক লোক কেন্দ্রটিতে লুটপাটের পর সেটি গুঁড়িয়ে দেয় এবং অন্ধকারে সেখানে একটি রহস্যজনক সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। তাঁর মন্তব্য, এবার ‘ক্ষমতার গরমের আঁচ’ পড়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কোথায়, সেই প্রশ্ন তুলে জামায়াত আমির দাবি করেন, এর পেছনে কারা আছে তা আর অস্পষ্ট নয়। সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর অঙ্গীকার করলেও অন্যদিকে এমন খেলা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে শফিকুর রহমান সতর্ক করেন, তা না হলে একসময় জনগণের হাতেই তাদের সাজা পেতে হবে।






