সংবিধান সংশোধনের কথা বলে নতুন গণভোট আয়োজনকে জাতির সঙ্গে তামাশা বলে আখ্যা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তার দাবি, বিএনপি সরকারের এ পরিকল্পনা স্বৈরতন্ত্রের আলামত। জনগণ সংবিধানের সংস্কার চেয়েছিল, কেবল সংশোধন নয়; সেই সংস্কারের গণভোটে মানুষ বিপুল ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করেছে বলে মনে করিয়ে দেন তিনি।

রাশেদ প্রধান বলেন, নির্বাচনের আগে তারা আলাদা গণভোট চাইলে বিএনপি তখন রাষ্ট্রের অর্থ অপচয়ের যুক্তি দিয়ে নির্বাচনের দিনেই সব সেরে ফেলার কথা বলেছিল। এখন নতুন গণভোটে কি রাষ্ট্রের টাকা খরচ হবে না, সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ‘স্বৈরাচার হওয়ার জন্য সংবিধান সংশোধনের নামে নতুন গণভোটের প্রয়োজন নেই।’ গণরায় বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে গাদ্দারির দায়ে ক্ষমতাচ্যুত হতে হবে বলেও হুঁশিয়ারি দেন জাগপার এই নেতা।