মেট্রোরেলে হাফপ্যান্ট পরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্যের সতর্কতার জবাবে নেওয়া পাল্টা কর্মসূচিকে সুস্থ প্রতিবাদ মনে করেন না মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের মহাসচিব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ নৈতিকতা ও মূল্যবোধহীন রাষ্ট্র নয়। ধর্মপ্রাণ এ জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধ গভীরভাবে মিশে আছে, আর শালীনতা, পর্দা ও নৈতিকতা এখানে কেবল ব্যক্তিগত পছন্দের বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি।

গণপরিবহনকে উন্মুক্ত জনপরিসর উল্লেখ করে রাব্বানী বলেন, সেখানে নিজের স্বাধীনতার পাশাপাশি অন্য যাত্রীদের ধর্মীয় অনুভূতি ও স্বাচ্ছন্দ্যকেও সম্মান করতে হয়। শালীন পোশাক নিয়ে কোনো দায়িত্বশীল ব্যক্তির সতর্কবার্তা ঘিরে দলবদ্ধ পাল্টা প্রদর্শনীকে তিনি দুঃখজনক ও উদ্বেগজনক বলে আখ্যা দেন।

তার মতে, ব্যক্তিস্বাধীনতা সামাজিক দায়িত্ববোধ থেকে বিচ্ছিন্ন নয়, তাই শালীনতার দাবি অস্বীকারের প্রতীক হিসেবে দল বেঁধে অশালীন পোশাক প্রদর্শন সুস্থ প্রতিবাদ হতে পারে না। এতে সমাজে অকারণ উত্তেজনা ও মূল্যবোধের সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

রাব্বানী বলেন, ব্যক্তিস্বাধীনতার দোহাই দিয়ে প্রকাশ্যে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে চ্যালেঞ্জ জানানোর বাংলাদেশ তারা চান না; তারা চান অধিকারের সঙ্গে দায়িত্ব আর স্বাধীনতার সঙ্গে শালীনতার ভারসাম্য।

মেট্রোরেলসহ সব গণপরিবহনে শালীনতা, সৌজন্য, পারস্পরিক শ্রদ্ধা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে সুস্পষ্ট নীতিমালা করার আহ্বান জানান তিনি। এ ধরনের কর্মসূচি এড়িয়ে সবাইকে সংযমী ও দায়িত্বশীল হওয়ারও অনুরোধ করেন তিনি।