বিএনপি হুমকি-ধমকিতে ভয় পাওয়ার দল নয় বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর ভাষ্য, ২০ বছর নির্যাতন সয়ে আন্দোলন চালানো দলটি জনগণের সমর্থনেই সরকারে এসেছে এবং জনগণকে নিয়েই সব ষড়যন্ত্রের জবাব দেবে।
বগুড়ার মোকামতলায় বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টায় মোকামতলা উপজেলা বিএনপির মশাল মিছিল ও সমাবেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আয়োজকদের ভাষায়, গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনগুলোর দেশবিরোধী ষড়যন্ত্র এবং পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ডাকা এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর সঙ্গে সাধারণ মানুষও যোগ দেন।
লংমার্চকারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের লংমার্চে মানুষ ফিরেও তাকায়নি; হেঁটে যাওয়ার কথা থাকলেও তাঁরা কয়েকশ গাড়ি নিয়ে যান এবং তেল-গ্যাস সংকটের অভিযোগ তুলেও লাখ লাখ লিটার তেল-গ্যাস খরচ করেন। সংসদে এক কথা আর বাইরে আরেক কথা বলা হয় বলেও অভিযোগ তাঁর।
তাঁর অভিযোগ, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গড়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফেরার পথ সুগম করতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তবে মানুষ সজাগ আছে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলার সক্ষমতা বিএনপির রয়েছে বলে দাবি করেন তিনি। সরকার মোকামতলাসহ সারা দেশে সুষম উন্নয়নে কাজ করছে বলেও জানান মীর শাহে আলম।






