বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে এখনই ছেড়ে দেওয়া ও তার মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ দাবি তোলেন।

পোস্টে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে সাজানো আখ্যা দিয়ে শফিকুর রহমান দাবি করেন, তিনি কাউকে শারীরিকভাবে হেনস্তা করেননি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি লেখেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

তার মতে, বিমানবন্দরে অনিয়ম আর অব্যবস্থাপনা থাকাতেই দুজনকে সাময়িকভাবে বরখাস্ত হতে হয়েছে; আখতারুজ্জামান কেবল যাত্রী হয়রানি ও প্রবাসফেরতদের প্রতি অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন।

আখতারুজ্জামানের ভাষা কেমন ছিল, তা দেখার কথা বললেও জামায়াত আমিরের যুক্তি, অনিয়ম ও হয়রানি ধামাচাপা দিতে এই গ্রেপ্তার হয়ে থাকলে তা অশনিসংকেত, যা ভুক্তভোগী মানুষ মেনে নেবে না।

প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকট ঘিরে বিশৃঙ্খলা তৈরি, সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।