চাঁদাবাজিকে ঘিরে রাজধানীর বাংলামোটরে গোলাগুলি ও উত্তেজনার দৃশ্য দাবি করে সম্প্রতি একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তথ্য যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি বাংলামোটরের নয় এবং চাঁদাবাজিকেন্দ্রিক কোনো গোলাগুলির সঙ্গেও এর সম্পর্ক নেই।

প্রকৃতপক্ষে দৃশ্যটি খুলনার। গত ১১ জুন রাত পৌনে দশটার দিকে নগরের ময়লাপোতা মোড় এলাকায় খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৭ তলা ভবনটির নিচতলায় আগুন লাগলে আতঙ্কে লোকজন ছোটাছুটি শুরু করেন; ভিডিওটি সেই সময়ের।

মাইনুল এহসান রিফাজ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ১১ জুন পোস্ট করা ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া দৃশ্যের মিল পাওয়া যায়; ওই পোস্টে এটিকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালের অগ্নিকাণ্ডের দৃশ্য বলা হয়। পরদিন ১২ জুন প্রথম প্রহরে প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও ঘটনাটির বিবরণ রয়েছে, যাতে বলা হয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বাংলামোটর এলাকায় গোলাগুলির একটি ঘটনা ঘটলেও প্রচারিত ভিডিওর সঙ্গে তার কোনো যোগ নেই। অর্থাৎ জুনে খুলনার হাসপাতালে আগুনের সময় আতঙ্কিত মানুষের ছোটাছুটির দৃশ্যকেই বাংলামোটরের সাম্প্রতিক গোলাগুলি বলে চালানো হচ্ছে।