বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অভিযোগ, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণেই সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান জামিন পাননি। রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
পরওয়ার বলেন, বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক উদ্দেশ্যে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে এবং জামিনযোগ্য মামলাতেও আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। তার দাবি, অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় এই গ্রেপ্তার সাধারণ ঘটনা নয়; সরকারের নীতিনির্ধারকদের নির্দেশ ছাড়া তা সম্ভব ছিল না, আর জামায়াতে যোগ দেওয়ার আক্রোশ থেকেই তাকে আটক করা হয়েছে।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা হলেও তাকে কারাগারে ডিভিশন দেওয়া হয়নি, অসুস্থ হলেও চিকিৎসার ব্যবস্থা নেই। অবিলম্বে ডিভিশনের আদেশ কারাগারে পাঠানোর দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক হস্তক্ষেপের ফলে বিচারকেরাও ডিভিশন দিতে ভয় পাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির আইনজীবীরা আদালত চত্বরে আখতারুজ্জামানকে ঘিরে মব তৈরি করেন এবং হাতাহাতিতে জড়ান; তার সঙ্গে দেখা করতে যাওয়া স্বজনদের ওপরও বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা হামলা চালান। আওয়ামী ফ্যাসিবাদের সময় আদালতে যা ঘটত, এখন তা আবার দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিমানবন্দরের অব্যবস্থাপনা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, সেখানে ট্রলি মেলে না, লাগেজের জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়। এসব অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে প্রশ্ন করায় আখতারুজ্জামানের বিরুদ্ধে পরে মামলা দেওয়া হয় বলে অভিযোগ করে তিনি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি চান।
পরওয়ারের অভিযোগ, সরকারের মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে সেদিনের ঘটনা নিয়ে জাতির সামনে অসত্য বক্তব্য দিয়ে শপথ ভেঙেছেন। তিনি বলেন, মন্ত্রী সৎ হলে অব্যবস্থাপনার দায়ে সংশ্লিষ্টদের প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে মামলা দিতেন; উল্টো যে কর্মকর্তা অব্যবস্থাপনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তাকে বাধ্য করে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করানো হয়েছে।






