দিল্লিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে শেখ হাসিনা হোটেল লবিতে, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ফেসবুকের একাধিক পোস্টে দৃশ্যটিকে সাম্প্রতিক বলে প্রচার করা হচ্ছে।

যাচাই করে দেখা গেছে, ভিডিওটি নতুন নয়। ২০১৯ সালের ৩ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে ইন্ডিয়া ইকোনমিক সামিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের সময় এটি ধারণ করা হয়েছিল।

সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। ওই প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে এই সামিটে যোগ দিতে স্থানীয় সময় বেলা ২টায় হোটেল তাজ প্যালেসে পৌঁছান তৎকালীন প্রধানমন্ত্রী, পরে তিনি ‘বাংলাদেশ নিয়ে কৌশলগত সংলাপ’ শীর্ষক সেশনে যোগ দেন।

একুশে টিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য মেলে। তা ছাড়া সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা দিল্লিতে প্রকাশ্যে কোনো সম্মেলনে যোগ দিয়েছেন, এমন খবর ভারত বা বাংলাদেশের কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি। ফলে ভিডিওটি ২০১৯ সালের, সাম্প্রতিক নয়।