বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ও অব্যবস্থাপনার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়া মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৪ অক্টোবর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে জাতীয় সংসদের এই বিরোধীদলীয় নেতা বলেন, ‘কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়।’
পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বিমানবন্দরে সাধারণ যাত্রীদের ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা এবং অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার মতে, আখতারুজ্জামান কার্যত ভুক্তভোগী যাত্রী, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছেন।
শফিকুর রহমানের অভিযোগ, এই প্রতিবাদ আমলে নিয়ে ঘাটতিগুলো শোধরানোর বদলে আখতারুজ্জামানকেই গ্রেপ্তার করা হয়েছে। দুইবারের সাবেক সংসদ সদস্য ও একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে অপমান করতে নানা হীন পদক্ষেপও নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
জনগণ অন্ধ নয়, সবই দেখছে মন্তব্য করে তিনি লেখেন, অন্যায়ের প্রতিবাদ করে আখতারুজ্জামান ভুক্তভোগী মানুষের কাছে বীরের মর্যাদা পেয়েছেন।
১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, ট্রলি সংকট, লাগেজে দেরি ও জমজমের পানি না আসা নিয়ে উত্তেজনা থেকে হুমকি-ধমকির ঘটনা ঘটে। এ ঘটনায় বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মামলা হলে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।






