প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তির মধ্যে দেওয়া পোস্ট মুছে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। বিষয়টি স্পষ্ট হওয়ার পর তিনি পোস্টটি সরিয়ে নেন।
পরের এক পোস্টে আসিফ মাহমুদ ব্যাখ্যা দেন, প্রায় একই ভঙ্গির ছবি ঘিরে বিভ্রান্তি ছড়ানোয় আসল ছবি কোনটি, তা তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন; এখন বিষয়টি পরিষ্কার হওয়ায় আগের পোস্টটি মুছে দিয়েছেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশ করা ট্রাম্প ও প্রধানমন্ত্রী দম্পতির ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন আসিফ মাহমুদ। সঙ্গে দেন কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি এবং তার স্ত্রীর একটি ছবিও, যেখানে ট্রাম্প যেন মানুষের মাপের এক কার্ডবোর্ড কাটআউট হয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেক বিভ্রান্তি চলছে উল্লেখ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কেউ ভ্যারিফাই করতে পেরেছেন? ফ্যাক্ট চেকারদের কি অবস্থা?’
পরে রোমানিয়ার একটি সংবাদমাধ্যমের ফ্যাক্ট-চেক প্রতিবেদনে জানানো হয়, কুর্তি দম্পতির সঙ্গে কার্ডবোর্ডের ট্রাম্পের ছবিটি আসল নয়; ইন্টারনেটে চালু এক রসিকতা থেকে সম্পাদনা করে এটি মিম হিসেবে বানানো হয়েছিল। ওই প্রতিবেদনের দাবি, মূল ছবিতে কুর্তির পাশে বাস্তবের ট্রাম্পকেই দেখা যায়।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্প যে নৈশভোজ দেন, তাতে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী শনিবার নিজের ফেসবুকে নৈশভোজের একটি ছবি পোস্ট করেন, যেখানে ট্রাম্পের সঙ্গে তাকে ও ডা. জুবাইদা রহমানকে উচ্ছ্বসিত দেখা যায়। এ ছবি ঘিরে নানা আলোচনা ও বিভ্রান্তির মধ্যেই প্রশ্ন তুলে পোস্ট দিয়েছিলেন আসিফ মাহমুদ।






