সোমবার (৫ অক্টোবর) কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় মাঠেই আটকে যায়। নেতাকর্মীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়।
এর আগে রোববার সন্ধ্যায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী হামলার শিকার হন এবং তার গাড়ি ভাঙচুর করা হয়। দলের জেলা শাখার অভিযোগ, ওই রাতে মামলা করতে থানায় গেলেও পুলিশ তা গ্রহণ করেনি; এরই প্রতিবাদে সোমবারের কর্মসূচি।
এনসিপি কুষ্টিয়া জেলার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড দিয়েছে। প্রশাসনকে জানানো হলেও এখন কেউ ফোন ধরছেন না বলে দাবি তার। তার মন্তব্য, ‘নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে।’
তবে পুলিশ বলছে, কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি; নিরাপত্তার কথা ভেবে বিক্ষোভকারীদের মাঠেই অবস্থান করতে বলা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের ভাষ্য, বিক্ষোভকারীদের নিরাপত্তাঝুঁকি রয়েছে; তারা যতক্ষণ চান মাঠে বিক্ষোভ করতে পারেন।






