চাঁদপুরের মতলব উত্তর থানায় সদ্য যোগ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়াকে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত না করতে এবং মাদকের প্রশ্নে ছাড় না দিতে হুঁশিয়ার করেছেন চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ ড. মো. জালাল উদ্দিন। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষকদের মধ্যে আধুনিক যন্ত্রপাতি বিতরণের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওসিকে উদ্দেশ করে এমপি বলেন, আওয়ামী লীগের ডেভিলদের সঙ্গে বসে চা খাওয়া বা আঁতাত করা হলে ‘আপনি মতলবে এক ঘণ্টাও থাকতে পারবেন না’।

মাদকের সঙ্গে কোনো আপস হবে না জানিয়ে তিনি বলেন, মতলবকে মাদকমুক্ত করা তার নির্বাচনী অঙ্গীকার, আর এতে পুলিশের ভূমিকাই সবচেয়ে বড়; পাশাপাশি সামাজিক প্রতিরোধও জরুরি।

কৃষি প্রসঙ্গে এমপি বলেন, কৃষকদের কথা ভেবে তারেক রহমানের উদ্যোগে ভর্তুকিতে কৃষি উপকরণ দেওয়া হচ্ছে এবং সারা দেশে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে; মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের জমিতে নির্বিঘ্ন চাষাবাদের জন্যও কাজ চলছে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মো. আলী। ওসি মানস বড়ুয়া, উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপির নেতারা এবং কৃষক প্রতিনিধি ও যুবদল নেতারাও বক্তব্য দেন। চারটি প্রকল্পের অধীনে মোট ১৫৯টি আধুনিক যন্ত্র কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।